back to top
Sunday, November 22, 2026

শনিবার

৩১ অক্টোবর ২০২৬

Logo
QR Code

 এইচএসসিতে নোয়াখালী সরকারি কলেজে পাসের হার ৮১.৯৫%, জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন

সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালীর চিত্র হতাশাজনক হলেও জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে তুলনামূলক ভালো ফল হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ। এ বছর তিনটি বিভাগ থেকে মোট ৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) কলেজ কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৯১৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৪৯ জন। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে ৩৫৩

জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩২৯ জন। পাসের হার ৯৩ দশমিক ২০ শতাংশ। এ বিভাগ থেকেই সর্বোচ্চ ৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২১৭ জন। এ বিভাগে পাসের হার ৭৯ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। মানবিক বিভাগে ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৩ জন। এ বিভাগে পাসের হার ৭০ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন সাতজন। উল্লেখ্য, নোয়াখালীতে এবার এইচএসসি পরীক্ষায় মোট ১৬ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৬ হাজার ৩১৭ জন। পাসের হার ৩৮.৯০ শতাংশ। অন্যদিকে, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১১২ জন শিক্ষার্থী।