back to top
Sunday, November 22, 2026

রবিবার

০১ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সন্দ্বীপ নৌরুট থেকে ‘এসটি নিঝুম দ্বীপ’ সরিয়ে নেওয়ার প্রতিবাদে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান

সন্দ্বীপ নৌরুটে চলাচলকারী আধুনিক সি-ট্রাক ‘এসটি নিঝুম দ্বীপ’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সন্দ্বীপ এসোসোসিয়েশন চট্টগ্রাম। একই সঙ্গে জাহাজটি সন্দ্বীপ নৌরুটে বহাল রাখার দাবিতে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

আজ ১ নভেম্বর রোববার বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান বরাবর চট্টগ্রাম আঞ্চলিক অফিসের মাধ্যমে পাঠানো আবেদনে সংগঠনটি জানায়, প্রায় ৪ লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। সন্দ্বীপের মানুষকে কুমিরা-গুপ্তচরা এবং বাঁশবাড়িয়া-গুপ্তচরা এই দুটি নৌপথ ব্যবহার করে মূল ভূখণ্ড চট্টগ্রামে যাতায়াত করতে হয়। আবেদনে উল্লেখ করা হয়, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত মাসের ১ অক্টোবর আধুনিক নতুন সি-ট্রাক ‘এসটি নিঝুম দ্বীপ’ এই রুটে দেওয়া হয়। জাহাজটি চালুর পর ব্যাপকভাবে যাত্রীদের যাতায়াত বেড়েছে। গত অক্টোবর মাসে প্রতিদিনের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় পাঁচ শতাধিক যাত্রী এই জাহাজে যাতায়াত করেছেন। তবে সংগঠনটির অভিযোগ, বিআইডব্লিউটিসির স্থানীয় অফিস থেকে প্রধান কার্যালয়ে এই রুটে যাত্রী সংকট রয়েছে বলে ভুল তথ্য দেওয়া হচ্ছে।

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, সম্প্রতি তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ‘এসটি নিঝুম দ্বীপ’ সি-ট্রাকটি কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুট পরিচালনার জন্য কোনো বেসরকারি কোম্পানিকে ভাড়ায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্তকে অযৌক্তিক ও অবিবেচক উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সংগঠনটির সাধারন সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন বিআইডব্লিউটিসি কোনো

বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান। উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। তাই জনস্বার্থকে প্রাধান্য না দিয়ে বাণিজ্যিক স্বার্থে জাহাজটি অন্য রুটে সরিয়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অবস্থান ধর্মঘট কর্নসূচিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সন্দ্বীপবাসীর বৃহত্তর স্বার্থ বিবেচনা করে এসটি নিঝুম দ্বীপ’ সি-ট্রাকটি সন্দ্বীপ নৌরুটে বহাল রাখার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জাহাজটি অন্য রুটে ভাড়ায় দেওয়ার সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

অবস্থান ধর্মঘট কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ওবাইদুল্যাহ তরীক, দপ্তর সম্পাদক ডা. মোঃ আব্দুল কাদের, মহিলা সম্পাদিকা মমতাজুন্নেসা সোমা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস আহমেদ কৌশিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ, নির্বাহী সদস্য দাউদ খালেদ চৌধুরী (কাইজার), এস এম কামরুল হাসান, এন এম শিহাব উদ্দিন, আবদুল হালিম নাছির, হাফেজ আজহারুল ইসলাম ফয়সাল, সেলিম উদ্দিন মাহমুদ, মোঃ মনজুর কাদের, মোঃ জসিম উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল হান্নান হীরা,মোঃ মোবারক হোসেন ভূঁইয়া , খাদেমুল ইসলাম, আব্দুল কাদের টিটু, আব্দুল হালিম শামীম, ইব্রাহিম রিপন, কামরুল রিয়াদ, আশিকুল আলম, জাহিদ, কাউছার প্রমুখ।