সোমবার
০২ নভেম্বর ২০২৬
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার জেলা প্রতিনিধি, চট্টগ্রাম টিভি
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে পর্যটন মৌসুমের প্রথম দিনেও দ্বীপে পর্যটক পরিবহনে কোনো জাহাজ চলাচল শুরু হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় এখনো কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেয়নি কক্সবাজার জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজ চলাচলের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট এবং জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন। এসব প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে পর্যটক পরিবহন সম্ভব হচ্ছে না। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা না পড়ায় এখন পর্যন্ত কোনো জাহাজকে অনুমতি দেওয়া হয়নি। আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিন গিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এরপর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক নিজাম উদ্দিন জানিয়েছেন, পর্যটকদের জন্য ট্রাভেল পাস প্রদানের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে জাহাজ মালিকদের সংগঠনের
দাবি, পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজার নদীবন্দরের উপপরিচালক নয়ন শীল জানান, এখন পর্যন্ত কোনো জাহাজ মালিক রুট পারমিটের জন্য আবেদন করেননি। আবেদন পাওয়ার পর জাহাজ পরিদর্শন করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত না করে চলাচলের অনুমতি দেওয়া হবে না। পর্যটকদের যাতায়াতের জন্য কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট নির্ধারিত রয়েছে। সরকার অনুমোদিত জাহাজে অনলাইন নিবন্ধনের মাধ্যমে পর্যটকদের দ্বীপে যেতে হবে। এদিকে, পর্যটন মৌসুম শুরুর প্রাক্কালে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় দ্বীপে চালু করা হয়েছে বেওয়ারিশ কুকুরের জন্য আশ্রম এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’। শনিবার প্রকল্প দুটির উদ্বোধন করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ। তিনি বলেন, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় প্রকৃতি, প্রাণী ও মানুষের প্রয়োজনকে সমান গুরুত্ব দিতে হবে। সব মিলিয়ে পর্যটন মৌসুম শুরু হলেও প্রশাসনিক অনুমোদন ও নিরাপত্তা প্রস্তুতি শেষ না হওয়ায় সেন্টমার্টিনে পর্যটক পরিবহন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।