back to top
Sunday, November 22, 2026

মঙ্গলবার

০৩ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে গেল বাস, চাপা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২, মহাসড়ক-রেলপথ অবরোধ!

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় উল্টে গেল লোকাল বাস। আর সেই বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীসহ দুইজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরির চলাচলের পর একটি লরি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর

পড়ে। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়।

এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে তাঁরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

একটি দুর্ঘটনায় ঝরে গেল একটি সম্ভাবনাময় প্রাণ। স্বজনদের আহাজারি আর সহপাঠীদের ক্ষোভের মধ্য দিয়ে আবারও সামনে এসেছে নিরাপদ সড়কের দাবি। শিক্ষার্থীদের প্রত্যাশা, এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।