back to top
Sunday, November 22, 2026

মঙ্গলবার

১০ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সেন্টমার্টিনের ৩০০ হোটেল-রিসোর্টে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই, অগ্নিঝুঁকিতে পর্যটক

বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিন। নীল জলরাশি, প্রবাল আর অপরূপ সৈকতের টানে প্রতিবছর হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে দেশের একমাত্র প্রবালদ্বীপ। পর্যটকদের বরণে প্রস্তুত হচ্ছে দ্বীপের হোটেল, রিসোর্ট ও কটেজগুলো। কিন্তু পর্যটন মৌসুম সামনে রেখে আবাসন প্রতিষ্ঠানগুলো প্রস্তুত হলেও তাদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে ভয়াবহ উদ্বেগ। দ্বীপের তিন শতাধিক হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর কোনোটিরই নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র। অধিকাংশ প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র, ফায়ার অ্যালার্ম, হোস পাইপ কিংবা জরুরি নির্গমন ব্যবস্থাও নেই। এমনকি আগুন নিয়ন্ত্রণে দ্বীপে নেই ফায়ার সার্ভিসের কোনো স্থায়ী স্টেশন। ২০২৫ সালের ১৫ জানুয়ারি সেন্টমার্টিনের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাইহরী, বিচ ভ্যালি ও কিংফিশার নামের তিনটি রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে যায়। কাঠ, বাঁশ ও ছনের তৈরি রিসোর্টগুলো মাত্র এক ঘণ্টার ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ছয় কোটি টাকা। এরপরও দ্বীপের অধিকাংশ আবাসন প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে। বিচ ভ্যালি রিসোর্টের ব্যবস্থাপক মো. রফিউল আলম জানিয়েছেন, আগুনের ঝুঁকি সম্পর্কে তারা সচেতন এবং সামর্থ্য অনুযায়ী অগ্নিকাণ্ড

প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। তবে এ ক্ষেত্রে সরকারি উদ্যোগও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, দ্বীপের অধিকাংশ রিসোর্ট কাঠ, বাঁশ ও ছনের মতো দাহ্য উপকরণ দিয়ে তৈরি হওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বেশি। পর্যটন এলাকা হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেন্টমার্টিন বাজারসংলগ্ন তারকা হোটেল ক্লাবে ৪১টি কক্ষ রয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, সেখানে ফায়ার অ্যালার্ম, এ, বি ও সি শ্রেণির অগ্নিনির্বাপক যন্ত্র এবং পানির হোস পাইপ রয়েছে। পাশাপাশি কর্মীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। তবে সংশ্লিষ্টদের মতে, বিচ্ছিন্নভাবে কিছু প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম থাকলেই পুরো দ্বীপের নিরাপত্তা নিশ্চিত হবে না। প্রয়োজন প্রতিটি হোটেল-রিসোর্টে কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিয়মিত তদারকি এবং জরুরি উদ্ধার পরিকল্পনা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, সব আবাসিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা সরঞ্জাম বাধ্যতামূলক করা এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিশ্চিত করার দাবি উঠেছে। প্রশ্ন এখন একটাই—পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের কোনো দুর্ঘটনার অপেক্ষায় থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নাকি আগেই নেওয়া হবে কার্যকর ব্যবস্থা?