back to top
Sunday, November 22, 2026

মঙ্গলবার

১০ নভেম্বর ২০২৬

Logo
QR Code

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কুষ্টিয়ার থানাপাড়ায় নিজ বাড়ির সামনে জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনায় জড়িত কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া মডেল থানার সামনে ‘তরঙ্গ-Taranga’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

তরঙ্গের সভাপতি তাসফী পারভেজ রোহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দরম ললিতকলা একাডেমি, কুষ্টিয়ার পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মো. কবিরুল ইসলাম, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস, নাদ একাডেমি, কুষ্টিয়ার পরিচালক আকাশ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার প্রতিনিধি ফয়সাল পারভেজ, শিল্পী ও শিক্ষক

শফিক জুয়েল, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সদস্য বিনোদ কুমার আগারওয়ালা, আবৃত্তিকার তিলোত্তমা বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও ক্রমবর্ধমান কিশোর অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, শুধু একটি ঘটনার বিচার নিশ্চিত করলেই হবে না, কিশোর অপরাধের পেছনের কারণগুলো চিহ্নিত করে তা প্রতিরোধে সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব পর্যায় থেকে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।

মানববন্ধন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, কিশোর অপরাধ দমন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।