back to top
Monday, November 23, 2026

বৃহস্পতিবার

১২ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সীতাকুণ্ডে জোড়ামতল রেলওয়ে কলোনিতে উচ্ছেদ আতঙ্ক! শত শত গাছ কেটে জমি দখলের অভিযোগ কেওয়াইসি আরের বিরুদ্ধে।

মোঃ আমজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল রেলওয়ে কলোনিতে জমি দখল ও বসতবাড়ি থেকে বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কেওয়াইসি আরের (KYCR) বিরুদ্ধে কোনো ধরনের পূর্ব নোটিশ কিংবা জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র প্রদর্শন না করে কলোনির শত শত গাছ কেটে ফেলা এবং স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কেওয়াইসি আরের নামে ৫ একর ৮০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়া হলেও এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটিকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, রেলওয়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দখল বুঝে না পেয়েই কীভাবে সেখানে সীমানা নির্মাণ ও উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৯৯১ সালের প্রাকৃতিক দুর্যোগে সর্বস্ব হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েন তারা। সে সময় সরকারি রেলওয়ের জায়গায় মাথা গোঁজার সামান্য ঠাঁই খুঁজে পান অনেক পরিবার। এরপর দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে প্রায় ১০ হাজার মানুষ ওই কলোনিতে বসবাস করে আসছেন। ঘরবাড়ি নির্মাণ, পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন এবং নিজেদের শ্রমে গড়ে তোলা বসতভিটাই এখন তাদের একমাত্র আশ্রয়স্থল।

তবে গত কয়েক বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠান কেওয়াইসি আর বিভিন্ন প্রলোভন এবং স্থানীয় কিছু ব্যক্তিকে ব্যবহার করে ওই জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ কলোনিবাসীদের।

তাদের দাবি, সম্প্রতি কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে কিংবা জমির বৈধ মালিকানা ও দখল সংক্রান্ত কাগজপত্র না দেখিয়ে দিনের বেলায় তাদের লাগানো শত শত ফলজ ও ঔষধি গাছ কেটে ফেলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিনের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে কলোনির একাধিক বাসিন্দা বলেন, সরকার যেখানে পরিবেশ রক্ষায় বেশি বেশি ফলজ ও ঔষধি গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহিত করছে, সেখানে আমাদের নিজেদের হাতে লাগানো শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। কোনো নোটিশ দেওয়া হয়নি, জমির কাগজপত্রও দেখানো হয়নি। অর্থের প্রভাব ও স্থানীয় প্রভাবশালীদের ভয় দেখিয়ে আমাদের বসতভিটা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তারা আরও বলেন, কেওয়াইসি আর প্রতিষ্ঠান যদি বাংলাদেশ রেলওয়ে থেকে আইনগতভাবে জমি ক্রয় করে থাকে এবং সেই জমির বৈধ মালিকানা ও দখল বুঝে পেয়ে থাকে, তাহলে দেশের প্রচলিত আইনকে সম্মান জানিয়ে আমরা অবশ্যই জায়গা ছেড়ে দেব। কিন্তু কোনো কাগজপত্র না দেখিয়ে, পূর্ব নোটিশ না দিয়ে এবং আইনগত প্রক্রিয়া

অনুসরণ না করে কেন আমাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে? জীবনের দীর্ঘ সময় আমরা এখানে কাটিয়েছি। এখন হঠাৎ করে পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব?

এদিকে বিষয়টি নিয়ে চট্টগ্রাম রেলওয়ে বিভাগের সিনিয়র সহকারী সচিব ও ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী জানান, ২০০৫ সালে কেওয়াইসি আর প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে জোড়ামতল এলাকায় কিছু জমি ক্রয় করে। পরবর্তীতে ২০২৫ সালে বাংলাদেশ রেলওয়ে প্রতিষ্ঠানটির নামে ৫ একর ৮০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়।

তবে তিনি স্পষ্ট করে জানান, এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটিকে ওই জমির দখল বুঝিয়ে দেওয়া হয়নি।

তার ভাষায়, “আমরা এখনো পর্যন্ত তাদেরকে এই জায়গা বুঝিয়ে দিইনি। তারা যদি নিজেদের ইচ্ছামতো বাউন্ডারি নির্মাণ কিংবা অবৈধ দখল বা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে থাকে, তাহলে অবশ্যই তাদের চিঠি ইস্যু করে এ ধরনের কার্যক্রম না করার জন্য অবহিত করব। যতক্ষণ পর্যন্ত আমরা তাদের জমি বুঝিয়ে না দিই, ততক্ষণ পর্যন্ত তাদের এ ধরনের কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কেওয়াইসি আর প্রতিষ্ঠানের অ্যাডমিন ও ডেপুটি ম্যানেজারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তারা ফোন রিসিভ না করায় এ বিষয়ে প্রতিষ্ঠানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্যে জমি রেজিস্ট্রি ও দখল হস্তান্তরের মধ্যে পার্থক্য স্পষ্ট হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ৫ একর ৮০ শতাংশ জমি প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রি হলেও আনুষ্ঠানিকভাবে দখল বুঝিয়ে না দেওয়ার পর সেখানে গাছ কাটা, সীমানা নির্মাণ কিংবা উচ্ছেদের মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

দীর্ঘদিনের বসতভিটা হারানোর আশঙ্কায় এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন জোড়ামতল রেলওয়ে কলোনির বাসিন্দারা। তাদের দাবি, জমির মালিকানা ও দখল নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা হোক। রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক হস্তান্তরের আগে কোনো পক্ষ যেন জোরপূর্বক উচ্ছেদ বা দখল কার্যক্রম পরিচালনা করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

এখন জোড়ামতল রেলওয়ে কলোনিবাসীর প্রশ্ন—৫ একর ৮০ শতাংশ জমি রেজিস্ট্রি হলেও রেলওয়ে কর্তৃপক্ষ এখনো দখল বুঝিয়ে দেয়নি, তাহলে কার নির্দেশে চলছে গাছ কাটা ও উচ্ছেদ কার্যক্রম?

বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত এবং আইনবহির্ভূত কোনো কার্যক্রম হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।