back to top
Sunday, November 22, 2026

মঙ্গলবার

১৭ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সার্বিয়ায় মিগ-২৯ বিধ্বস্ত, পাইলট নিহত

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাছে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনায় পাইলট মেজর গোরান বুলায়িচ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা আনাদোলু ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বেলগ্রেডের উত্তর-পশ্চিমে স্তারা পাজোভা ও নোভা পাজোভা এলাকার মধ্যবর্তী একটি মাঠে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। রাজধানী বেলগ্রেড থেকে দুর্ঘটনাস্থলটির দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।

বিমানটি সার্বিয়ার বিমানবাহিনীর ২০৪তম এয়ার ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিল। ব্রিগেডটির ঘাঁটি বাটাইনিৎসা বিমানঘাঁটিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলতে

এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ ও সামরিক পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত পাইলট মেজর গোরান বুলায়িচ ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সাল থেকে তিনি দেশটির সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী-সন্তানসহ স্বজনেরা রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। দুর্ঘটনার পরিস্থিতি ও সম্ভাব্য দায় নির্ধারণে তদন্ত চলছে।

প্রতিরক্ষামন্ত্রী ব্রাতিস্লাভ গাশিচ এবং দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত পাইলটের পরিবারের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন।

সূত্র: আনাদোলু,