back to top
Sunday, November 22, 2026

বৃহস্পতিবার

১৯ নভেম্বর ২০২৬

Logo
QR Code

পরমাণু যুদ্ধ ঠেকাতে একমত ট্রাম্প-শি-পুতিন

পারমাণবিক যুদ্ধ কখনোই হওয়া উচিত নয় এবং এমন যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়েও একমত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে তিন নেতার ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় এসব কথা বলা হয়েছে। ‘শান্তির পথে ঘোষণা’ শীর্ষক বিবৃতিতে আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকারও তুলে ধরেন তাঁরা।

ঘোষণায় বলা হয়, পারমাণবিক যুদ্ধ জয় করা যায় না এবং এমন যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। এ ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তিন দেশ সংলাপে যুক্ত হবে।

জাতিসংঘের সংস্কারের বিষয়েও নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিন নেতা। তাঁরা বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এমন সংস্কার সমর্থন করে, যাতে সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে পারে।

জ্বালানি সহযোগিতার

বিষয়টিও স্থান পেয়েছে যৌথ ঘোষণায়। এতে বলা হয়, সব দেশের কল্যাণে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তিন দেশের। একই সঙ্গে জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তাঁরা।

আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেছেন তিন নেতা। ঘোষণায় রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান দেখানোর গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) এ ধরনের সংস্থাগুলোর এখতিয়ার অপব্যবহার করা উচিত নয় বলে মত দিয়েছেন তাঁরা।

চীনের আয়োজনে শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক হয়। বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনে ২১টি সদস্য অর্থনীতির নেতারা ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

তিন পরমাণু শক্তিধর দেশের নেতাদের এ বৈঠককে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে যৌথ ঘোষণায় পারমাণবিক ঝুঁকি কমানোর বিষয়ে সংলাপের অঙ্গীকার থাকলেও অস্ত্র নিয়ন্ত্রণ বা নিরস্ত্রীকরণে কোনো নির্দিষ্ট চুক্তি কিংবা সময়সীমার কথা উল্লেখ করা হয়নি।

সূত্র: আনাদোলু,