back to top
Sunday, November 22, 2026

রবিবার

২২ নভেম্বর ২০২৬

Logo
QR Code

ইরানের আইনি লড়াই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা এবং মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে বিদেশি আদালতগুলোর বিচারিক ব্যবস্থার সহায়তা নিচ্ছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। ইরানের আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি বলেছেন, যেসব বিদেশি আদালত এসব মামলার বিচারিক এখতিয়ার গ্রহণ করেছে, সেসব আদালতে আইনি কার্যক্রম শুরু হয়েছে। কয়েকটি মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে। অন্য মামলাগুলো নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে।

আনসারি জানান, নথিভুক্ত ও প্রামাণ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাগুলো পরিচালনা করা হচ্ছে। তবে কোন কোন দেশের আদালতে মামলা দায়ের হয়েছে, কতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কিংবা মামলাগুলোর সুনির্দিষ্ট আইনি অবস্থান কী—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে মিনাবের স্কুলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদেশি আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি আইনি দলও এ ঘটনায় তদন্ত ও মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে। ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য-প্রমাণ সরবরাহের কথাও জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক

বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর দিনেই ওই হামলায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। জাতিসংঘের তদন্ত-সংশ্লিষ্ট প্রতিবেদনে স্কুলটিতে ১৬৮ জন নিহত হওয়ার তথ্য উঠে এসেছে। নিহতদের বড় অংশই শিশু।

হামলার দায় নিয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এবং ইরানের অভিযোগের মধ্যে বিরোধ রয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধীন তদন্ত মিশন পরে জানায়, হামলাটি যুক্তরাষ্ট্রের বাহিনী চালিয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে। মিশনটি ঘটনাটিকে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটানো নির্বিচার হামলা হিসেবে উল্লেখ করে সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়টি সামনে এনেছে।

অন্যদিকে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছিল। ওই হামলায় তাঁর পরিবারের সদস্য ও দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। খামেনি হত্যার ঘটনাতেও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে তেহরান।

ইরানের এই পদক্ষেপকে দেশটির আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে বিদেশি আদালতে মামলা দায়ের বা বিচারিক কার্যক্রম শুরু হওয়া মানেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া নয়। মামলাগুলোর গ্রহণযোগ্যতা, সংশ্লিষ্ট আদালতের এখতিয়ার এবং প্রমাণের যথার্থতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সূত্র: ইরনা, আলজাজিরা