সোমবার
২৩ নভেম্বর ২০২৬
নুশরাত রুমু, নোয়াখালী :
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি গণপূর্ত ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ
আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা শাহ জাফর উল্লাহ রাসেল ও আবু হানিফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং জহিরুল ইসলাম তারেকসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস প্রমাণ করে, অতীতে বিএনপির আন্দোলন ছিল শান্তিপূর্ণ। ওই সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করত। বর্তমানে তাদের সহিংসতা থেকে হাসপাতালও রেহাই পাচ্ছে না। নড়াইলে বিএনপির দুই কর্মীকে হত্যার অভিযোগও করেন তাঁরা।
বক্তারা এসব সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় গোপালগঞ্জের ঘটনার নিন্দা জানিয়ে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। সমাবেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।