back to top
Tuesday, November 24, 2026

মঙ্গলবার

২৪ নভেম্বর ২০২৬

Logo
QR Code

বিজয় দিবসের দিন রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তাঁর মুখপাত্র।

এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর এই পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশে তাঁর দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতা বেড়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

দেশে ফেরার জন্য বাতিল হয়ে যাওয়া কাগজপত্র চাওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তাঁর ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় তাঁর বিমানযাত্রার ব্যবস্থা করার

আহ্বান জানাচ্ছেন।

মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরা সম্ভব করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্রনেতৃত্বাধীন ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে তাঁর মুখপাত্রের ঘোষণার পর এখন সরকারের অবস্থান কী হয়, সেদিকেই নজর থাকবে। সূত্র: রয়টার্স