back to top
Tuesday, November 24, 2026

মঙ্গলবার

২৪ নভেম্বর ২০২৬

Logo
QR Code

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে প্রথম ধাপে ল্যাপটপ দেওয়া হবে। মেধাক্রমের ভিত্তিতে ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারীদের এ জন্য বাছাই করা হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এসএসসি ও সমমানের ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর আরও বাড়ানো হবে।

মন্ত্রী জানান, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাঁদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। এ জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও একই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা

মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ করা হবে। সরকারি ক্রয়পদ্ধতি অনুসরণ করে এসব ল্যাপটপ কেনা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিতে সরকারের ব্যয় হবে প্রায় ১৬ থেকে ১৭ কোটি টাকা। পরবর্তী সময়ে কর্মসূচির পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ প্রকল্পের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বলেন, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি শিক্ষা বোর্ডকে যুক্ত করে সেগুলো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।