মঙ্গলবার
২৪ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফল পরিবর্তন হওয়ায় নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন একই মাদ্রাসার দুই শিক্ষার্থী মুহাম্মদ ইয়াসিন রেজা ও তাহছিনা ইয়ামিন তারান্নুম। এর আগে, প্রকাশিত ফলাফলে মাদ্রাসাটির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন সাঈদাতুন নুর মুনতাহা। প্রথম প্রকাশিত ফলাফলে ইয়াসিন রেজার জিপিএ ছিল ৪.৮৩ এবং তাহছিনা ইয়ামিন তারান্নুমের ছিল ৪.৯৩। পরে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পুনর্নিরীক্ষণে উভয়ের ফলাফল পরিবর্তিত হয়ে জিপিএ-৫ হয়েছে। এতে মাদ্রাসাটিতে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। ইয়াসিনের স্বপ্ন প্রশাসনিক ক্যাডার, তাহছিনা হতে চান শিক্ষক মুহাম্মদ ইয়াসিন রেজা বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম এবং মা শায়রা পারভীন। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১ হাজার ২২০। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছে ইয়াসিন।
পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জনের পাশাপাশি দাখিল পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল সে। তার শিক্ষাজীবনের শুরু আল আমিন ইসলামিক ইনস্টিটিউটে। এরপর ষষ্ঠ শ্রেণি থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায়। ভবিষ্যতে প্রশাসনিক ক্যাডারে যোগ দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় ইয়াসিন। অন্যদিকে একই মাদ্রাসার শিক্ষার্থী তাহছিনা ইয়ামিন তারান্নুমও বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ অর্জন করেছে। তার বাবা আবদুর রহিম এবং মা জেবুন নাহার। প্রথম প্রকাশিত ফলাফলে জিপিএ ৪.৯৩ পেলেও পুনর্নিরীক্ষণের পর তার ফলাফল বেড়ে পূর্ণ জিপিএ-৫ হয়েছে। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১ হাজার ২০৮। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তাহছিনা। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য কাজ করতে
চায় সে। এর আগে, গত ৩১ অক্টোবর প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী সাঈদাতুন নুর মুনতাহা জিপিএ-৫ অর্জন করেন। তখন বোয়ালখালী উপজেলার ছয়টি মাদ্রাসার মধ্যে তিনিই ছিলেন একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নের কথা জানিয়েছিলেন মুনতাহা। নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দিত মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক। তিনি বলেন, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা মেধাবী ও মনোযোগী। পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় তারা এ সাফল্য অর্জন করেছে।
বোর্ড চ্যালেঞ্জের পর একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইয়াসিনের বাবা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম বলেন, ছোটবেলা থেকেই ইয়াসিন পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। তার এ অর্জনে বাবা-মা হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। সন্তানের স্বপ্ন পূরণে সবার দোয়া কামনা করছি। তাহছিনার বাবা আবদুর রহিম বলেন, প্রথম প্রকাশিত ফলাফলে মেয়ের জিপিএ-৪.৯৩ আসার পরও আমরা আশাবাদী ছিলাম। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। তার পরিশ্রম ও অধ্যবসায়ের যথাযথ স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতে সে একজন আদর্শ শিক্ষক হয়ে মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিক, এটাই আমাদের প্রত্যাশা। মুনতাহার বাবা মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস শিকদারও মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেছিলেন, এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে, এটাই তাদের প্রত্যাশা। উল্লেখ্য, কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ৩৩ জন। প্রথম প্রকাশিত ফলাফলে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বোর্ড চ্যালেঞ্জের পর আরও দুই শিক্ষার্থীর ফল পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানটির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।