মঙ্গলবার
২৪ নভেম্বর ২০২৬
নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি দ্বীপটিতে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত এই বিশেষ মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের
সঙ্গে কথা বলেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে।
তবে এবারই প্রথম তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে এ ধরনের যৌথ মহড়া অনুষ্ঠিত হলো।