বৃহস্পতিবার
২২ অক্টোবর ২০২৬
রাঙামাটি পুলিশ সুপার ( এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, সাজেকে অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ৬ সদস্য এবং পুলিশের ২ সদস্যসহ নিরাপত্তা বাহিনীর মোট ৯ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান এসপি।
এসপি বলেন, নিরাপত্তা বাহিনীর সকল সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে নিয়েছে প্রশাসন। অভিযান চলমান রয়েছে।
এসপি আরও বলেন, সাজেকের পাহাড়ে যে অবরোধ, এই অবরোধের মধ্যেই সাজেকে যে পর্যটক ছিল, পর্যটকদের উপরে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। তবে কেউ আহত হয়নি। সেনাবাহিনী এবং পুলিশ মিলে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে চলে যায়।
তিনি বলেন, ১১ থেকে ১৫ই অক্টোবর এখানে বিশেষ করে এই সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারী এসোসিয়েশন মূলত এই এখানে অবরোধ পালন করছে। পরবর্তীতে যেহেতু দুর্গাপূজা ছিল, দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সময়টা, বিশেষ করে ১৬ থেকে ২১শে অক্টোবর পর্যন্ত এই সময়টা একটু শিথিল করা হয়।
এর পরে ২১ তারিখে আবার এই অবরোধটা ঘোষণা করে এবং সেখানে সাজেকে প্রায় ৩হাজার পর্যটক আটকা পড়ে। এই পর্যটকদের নিরাপদে নিয়ে আসার জন্য, তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে এস্কর্ট করে তাদেরকে সকাল নয়টার দিকে সাজেক থেকে রওনা করে। তারা যখন সাড়ে দশটার দিকে উজোবাজারে এসে পৌঁছায়, তখন সেনাবাহিনী এবং পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলে যেন পর্যটকরা নিরাপদে যেতে পারে কিন্তু অবরোধকারীরা তখন চেকপোস্টে পুলিশ এবং দায়িত্ব পালনকারী বাহিনীর উপরে ইটপাটকেল
নিক্ষেপ করতে থাকে। ইটপাটকেল নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য এখানে আহত হয়।
এরপরে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে পর্যটকদের গাড়ি যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন আমরা গোয়েন্দা তথ্য সূত্রে পেয়েছি যে ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ তারা এই পর্যটকদের গাড়িকে লক্ষ্য করে গুলি করে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে পর্যটকরা যখন চলে যায়, তখন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর সাথে সাথে থেমে থেমে গোলাগুলি হয়। দুপুর ১ টা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। একটার পরে থেকে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ চলে আসে। বর্তমানে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংবাদ সম্মেলনে এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, মো. জসীম উদ্দীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাজেকে থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে দিতে এবং সাজেকে ধারাবাহিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রর্দশনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে সাজেকে সড়ক অবরোধের কর্মসূচি পালন করছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন।
বলে রাখা ভাল; সাজেক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অধ্যুষিত অঞ্চল এবং সংগঠন দু’টি ইউপিডিএফ সমর্থিত সংগঠন বলে স্থানীয়রা জানিয়েছেন।