back to top
Sunday, November 22, 2026

মঙ্গলবার

২৭ অক্টোবর ২০২৬

Logo
QR Code

রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

শ্যামল রুদ্র খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন অবকাঠামোর বর্তমান অবস্থা পর্যালোচনা করেছেন বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকাস্থ বিশ্বব্যাংকের কার্যালয় থেকে আসা প্রতিনিধিদলটি স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা ও বাংলাদেশ-ভারত সীমান্তের মৈত্রীসেতু-১ পরিদর্শন করেন। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা চারতলা প্যাসেঞ্জার টার্মিনাল, পোর্ট ভবন, চারতলা ডরমিটরি, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, এক্সেল কন্ট্রোল কক্ষ ও বাংলাদেশ-ভারত ট্রাক টার্মিনাল ঘুরে দেখেন। পাশাপাশি দুই দেশের সীমান্ত যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থাপনা মৈত্রীসেতু-১ পরিদর্শন করে নির্মিত অবকাঠামোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুসরাত নাহিদ ববি, সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কীর্তি নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মো. সাহেদ মাহাবুব চৌধুরী, সোশ্যাল ডেভেলপমেন্ট কনসালট্যান্ট ড. রাফেজা আক্তার এবং ট্রান্সপোর্ট কনসালট্যান্ট সুনীল

কুমার পোদ্দার।

রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে প্রতিনিধিদলকে স্বাগত জানান বন্দর সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন এবং রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। এ সময় স্থলবন্দরের ইনচার্জ ও ট্রাফিক পরিদর্শক সাইফুদ্দিন সায়েম এবং ইমিগ্রেশন সুপারিনটেনডেন্ট আহমেদ মামুন উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ায় বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের প্রতিনিধিদল নির্মিত অবকাঠামো পরিদর্শনে এসেছেন। প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করাও এ সফরের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রামগড় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী চলাচল এবং পণ্য পরিবহনে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। মৈত্রীসেতু-১-কে কেন্দ্র করে স্থলবন্দরের অবকাঠামো পূর্ণাঙ্গভাবে কাজে লাগানো গেলে সীমান্তবাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ ক্ষেত্রে বন্দরের প্রয়োজনীয় কার্যক্রম চালু ও নির্মিত স্থাপনাগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।