বুধবার
২৮ অক্টোবর ২০২৬
মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি পূর্ব শত্রুতার জের ধরে বান্দরবান জেলার লামা উপজেলার এক কৃষকের ২৬০টি ফলন্ত কলা ও সুপারি গাছ বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। শুধু তায় নয়, এ সময় তারা ২০ শতক জমির ফসল, ৫০টি সীমানা পিলার ও বাঁশের ঘেরাবেড়া উপড়ে ফেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিপক্ষ আব্দুর রহিমসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে বুধবার (২৮ অক্টোবর) বিকালে স্থানীয় পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মুহা. আরিফ উল্লাহ। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি হরিণখাইয়া পাড়ায়। অভিযোগে জানা যায়, ফাইতং ইউনিয়নের হরিণখাইয়া পাড়ার বাসিন্দা আব্দুল করিমের নামে ফাইতং মৌজার জি/২৩নং হোল্ডিং মূলে সাড়ে তিন একর জায়গা রয়েছে। ১৯৮৫ সালে ক্রয়সূত্রে এ জায়গার মালিক হয়ে তথায় ফলদ বনজ বাগান সৃজন করে তিনি পরিবার পরিজন নিয়ে ভোগা করেন। আব্দুল করিম মারা যাওয়ার পর ওয়ারিশ সূত্রে ছেলে মুহা. আরিফ উল্লাহ এ জায়গা ভোগ করে আসছেন। ২০২৪ সালের দিকে জায়গা নিয়ে পাশের মৃত মনির আহমদের ছেলে আব্দুর রহিমদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ২৬ অক্টোবর দিনগত রাতে আব্দুর রহিমের নির্দেশে ছেলে উচমানের নেতৃত্বে অজ্ঞাত আরও ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে মুহা. আরিফ উল্লাহর জায়গার ৫০টি সীমানা পিলার ও বাঁশের ঘেরাবেড়া উপড়ে ফেলে। এরপর কেটে দেওয়া হয় ২০০টি ফলন্ত কলা ও ৬০টি সুপারি গাছ। একই সময় ২০ শতক জমির সবজি ক্ষেতও বিনষ্ট করে দেয় প্রতিপক্ষ। এতে কৃষক মুহা. আরিফ
উল্লাহর প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়। এর আগেও প্রতিপক্ষ আব্দুর রহিমরা জবর দখলের উদ্দেশ্যে মুহা. আরিফ উল্লাহর বাবার নামীয় ও ভোগ দখলীয় জায়গায় অবস্থিত একটি খামার ঘরও ভেঙ্গে দেয়। এ ঘটনায় মুহা. আরিফ উল্লাহ লামা থানায় (যাহার জিআর মামলা নং ১১২/২৪) মামলা করেন। মামলাটি বর্তমানে চলমান। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মুহা. আরিফ উল্লাহ বলেন, বাবা আব্দুল করিম মারা যাওয়ার পর ওই জায়গা ওয়ারিশ সূত্রে আমরা আবাদসহ ভোগ দখলে আছি। শত্রুতার জের ধরে আব্দুর রহিমরা ১০-১২ জন লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় আমি ও আমার বাবা কর্তৃক দীর্ঘ দিনের সৃজিত ২৬০টি ফলন্ত কলা-সুপারি গাছ, জমির ফসল ও সীমান্ াপিলার বিনষ্ট করে। এ ঘটনায় তাৎক্ষনিক স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ করি। এ প্রেক্ষিতে পুলিশ সরেজমিন তদনেÍ গেলে ঘটনার সত্যতা পাওয়ার পাশাপাশি প্রতিপক্ষ আব্দুর রহিমদের গোয়াল ঘরে আমাদের জায়গার সীমানার ঘেরাবেড়ার অংশ বিশেষ দেখতে পায়। তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুর রহিম জানান, তারা কারো কলা ও সুপারি গাছ কাটেন নি বা ফসল বিনষ্ট করেননি। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাদেরকে ফাঁসানোর জন্য মুহা. আরিফ উল্লাহ ষড়যন্ত্র করছেন। এদিকে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানান ফাইতং পুলিশ ক্যাম্প’র উপ-পরিদর্শক মোহাম্মদ হোসেন। তিনি বলেন, বিরোধীয় জায়গার ঘেরাবেড়ার কিছু অংশ আব্দুর রহিমদের গোয়াল ঘরে পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।