বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
বশির আল মামুন, চট্টগ্রাম :
বান্দরবানে ৭৮০ পরিবারের মধ্যে বিনামূল্যে ২ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলার সাতটি উপজেলায় ৭৮০ জন পাহাড়ি-বাঙালি কৃষকের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। চারা পেয়ে খুশি কৃষক পরিবারগুলো। বিতরণ করা চারার মধ্যে রয়েছে নারিকেল, সুপারি, আম (আম্রপালি), লিচু, তেঁতুলসহ বিভিন্ন প্রজাতির বনজ গাছের চারা। পাশাপাশি চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে ইউরিয়া, টিএসপি, এমওপি, জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশকও সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণার পরিপ্রেক্ষিতে উন্নতমানের চারা উৎপাদনে যৌথভাবে কাজ শুরু করে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সারা দেশের ৮৩টি হর্টিকালচার সেন্টারকে সম্পৃক্ত করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চাহিদাপত্র অনুযায়ী, বালাঘাটা হর্টিকালচার সেন্টার ও বিএডিসি সরকারি মূল্যে চারা সংগ্রহ করে পরিষদের সদস্যদের প্রস্তুত করা তালিকা অনুযায়ী উপকারভোগীদের মধ্যে বিতরণ করছে। বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জানান, চলতি বছর ফলজ চারার পাশাপাশি
কৃষকদের চাহিদা অনুযায়ী ৩ হাজার ৫০০টি উন্নত জাতের নারিকেলের চারাও সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে গাছের চারা ও কৃষি উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। রুমা উপজেলার কৃষক লালথালানপিয়াং বম বলেন, বাড়ির আশপাশে এসব উন্নত জাতের চারা রোপণ করলে দ্রুত ফল পাওয়া যাবে। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ তৈরি হবে। বান্দরবান সদর উপজেলার কৃষক দিল চন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, একসঙ্গে ফলজ ও বনজ গাছের চারা পাওয়ায় ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পথ তৈরি হয়েছে। অন্যদিকে থানচি উপজেলার কৃষক মেনপাই ম্রো মনে করেন, এ উদ্যোগ শুধু কৃষকদের আয় বাড়াবে না, পাহাড়ের সবুজ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মামাচিং বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা ও গরমের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে একদিকে পাহাড়ের সবুজ বনায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।