back to top
Sunday, November 22, 2026

শনিবার

০৭ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সাজেকে ইউপিডিএফ'র আস্তানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনীর বাঘাইহাট জোন বিশেষ অভিযান চালিয়ে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র ( ইউপিডিএফ) আস্তানা থেকে দেশীয় অস্ত্র, অ্যামোনিশন, চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

অভিযানের সময় ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে পরিচিত রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে সেনাবাহিনী।

শনিবার (৭ নভেম্বর) বাঘাইহাট জোনের সেনা সদস্যরা রানাসাবা পাড়ায় এ অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রানাসাবা পাড়া এলাকায় অভিযান চালানোর সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রূপেশ চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, তিনটি অ্যামোনিশন, একটি দেশীয় চাকু, একটি অ্যান্ড্রয়েড

মোবাইল ফোন, ফোনের চার্জার ও কভার, কালো রঙের একটি টাকা সংগ্রহের ব্যাগ, লাইটারের একটি ব্যাটারি, চারটি কম্বল, নগদ টাকা, চাঁদা আদায়ের সাতটি রশিদ বই, একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র।

সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বশীল কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তোফাজ্জল হোসেন অস্ত্র উদ্ধারের বিষয়ে বলেন, এটি আমার এলাকার আওতাধীন না। খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় পড়েছে মনে হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা কিছু জানি না।

নভেম্বর ১১, ২০২৬ মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি