back to top
Sunday, November 22, 2026

বুধবার

১১ নভেম্বর ২০২৬

Logo
QR Code

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার জন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ বাড়ানো হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপচয় রোধ করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্যের বিষয়টি জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে এ বাজেটের সদ্ব্যবহার করতে হবে। কোনো ধরনের অপচয় যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ জন্য দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠানো সম্ভব হলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোটেকনোলজির মতো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর দিক সম্পর্কেও সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নির্মিত ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বিইউপির শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল ড. মো. মাহবুব-উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম