back to top
Sunday, November 22, 2026

রবিবার

১৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

রমজান মাসে ফলের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট এইচএস কোডের আওতায় মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এসব ফল আমদানিতে ব্যবসায়ীদের কর পরিশোধের পরিমাণ কমবে।

মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে মাসিক ব্যবস্থা পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬-২৭

অর্থবছরের বাজেটে ভ্যাট রিটার্ন প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর দাখিলের বিধান করা হয়েছিল। তবে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ত্রৈমাসিক রিটার্ন দাখিলের ব্যবস্থায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। এ কারণে আগের মাসিক রিটার্ন দাখিলের ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় সংশোধন প্রয়োজন। সংসদ অধিবেশন চালু না থাকায় এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছিলেন। এখন সংসদ অধিবেশন চলমান থাকায় সেই অধ্যাদেশকে আইনে রূপ দিতে সংশোধনী বিলের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তবে আইন প্রণয়নের আগে খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

রমজানের আগে ফল আমদানিতে শুল্ক-কর কমানোর এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের ব্যয় কমার সুযোগ তৈরি হবে। তবে এর প্রভাব খুচরা বাজারে কতটা পড়বে, তা নির্ভর করবে আমদানি, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার ওপর।