back to top
Sunday, November 22, 2026

সোমবার

১৬ নভেম্বর ২০২৬

Logo
QR Code

উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, জব্দ ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল

বিজন কুমার বিশ্বাস, চট্টগ্রাম টিভি, কক্সবাজার প্রতিনিধি

শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে কক্সবাজারের উখিয়ার জলাভূমি। আর এই অতিথি পাখিদের শিকারে বিলজুড়ে বসানো হচ্ছে অভিনব ফাঁদ। তবে বন্যপ্রাণী রক্ষায় এবার কঠোর অবস্থানে বন বিভাগ। উখিয়ার মাছকারিয়া বিলে বিশেষ অভিযান চালিয়ে পাখি শিকারের বিপুল সরঞ্জাম জব্দের পাশাপাশি ধ্বংস করা হয়েছে শতাধিক ফাঁদঘর। উদ্ধার করা হয়েছে ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জব্দ করা হয় পাঁচ হাজার কৃত্রিম বক এবং তিন হাজার মিটার পাখি ধরার জাল। বন বিভাগ সূত্রে জানা যায়, শীত মৌসুমে মাছকারিয়া ও শাপলাবিলসহ উখিয়ার বিভিন্ন জলাভূমিতে আসতে শুরু করেছে দেশি-বিদেশি নানা প্রজাতির অতিথি পাখি। আর পাখির এই মৌসুমি আগমনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে

উঠেছে একশ্রেণির শিকারি। বিলের বিভিন্ন স্থানে কৃত্রিম বক, জাল ও ফাঁদঘর স্থাপন করে পাখি শিকারের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ধ্বংস করা হয় পাখি আটকের জন্য তৈরি শতাধিক ফাঁদঘর। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, উদ্ধার করা আটটি জীবিত বককে নিরাপদে মুক্ত করে দেওয়া হয়েছে। জব্দ করা কৃত্রিম বক ও জাল এবং পাখি শিকারের ফাঁদঘরগুলো ধ্বংস করা হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং অতিথি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় অতিথি পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এখন সময়ের দাবি।