back to top
Sunday, November 22, 2026

শুক্রবার

২০ নভেম্বর ২০২৬

Logo
QR Code

বৃষ্টি চলবে কতদিন জানালো আবহাওয়া অফিস

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে আগামী কয়েক দিনে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সকালে ভারতের উড়িষ্যা অতিক্রম করে। পরে এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের

আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে।

শনিবার (২১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।