শুক্রবার
২০ নভেম্বর ২০২৬
বশির আল মামুন, চট্টগ্রাম:
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক অগ্রযাত্রায় এগিয়ে যেতে হবে। অতীতে দেশের অর্থনীতি যেভাবে গুটিকয়েক মানুষের হাতে কেন্দ্রীভূত ছিল, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই আমরা। আমরা অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলছি। শুধু রাজনীতির গণতন্ত্রায়ন করে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। অর্থনীতিরও গণতন্ত্রায়ন করতে হবে, যাতে বাংলাদেশের প্রতিটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশ স্থিতিশীল থাকলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। বর্তমান সরকারের পরিকল্পনা পাঁচ বছর স্থিতিশীলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে ইনশাআল্লাহ, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তরা চেষ্টা করছে। ব্যবসায়ীসহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়তে হবে বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে দি চিটাগাং চেম্বার অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও সভাপতি আমীরুল হকের সভাপতিত্বে মাসব্যাপী মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান। সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এস এম সাইফুল আলম, চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে চেম্বার সভাপতি প্রধান অতিথি অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও চেম্বারের ক্রেস্ট প্রদান করেন। চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী, সহসভাপতি মশিউল আলম স্বপন, চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের মেলায় শিশুদের জন্য ২টি স্পটে প্লে-জোন স্থাপন করা হচ্ছে। মেলায় থাকছে ২০ টি প্যাভিলিয়ন, ১ টি এসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬ টি স্টলে ৩০০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ভারত, পাকিস্তান, ইরান, চায়না ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।