back to top
Sunday, November 22, 2026

শনিবার

২১ নভেম্বর ২০২৬

Logo
QR Code

দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিটকয়েন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারের অতিরিক্ত মূল্যায়ন নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে বৈশ্বিক বিনিয়োগ বাজারে। এর জেরে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে বিটকয়েনের দাম কমে দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টা ১৩ মিনিটে বিটকয়েনের দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে দাঁড়ায় ৫৫ হাজার ৮৩০ ডলারে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল বিটকয়েনের সর্বনিম্ন দাম। এর আগে দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৫৬ হাজার ৮১৩ দশমিক ৬৮ ডলারে নেমেছিল।

এর আগে শুক্রবারই বিটকয়েনের দাম ৬০ হাজার ডলারের নিচে নেমে যায়। চলতি বছরের জুলাইয়ের পর প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করে নিচে নেমেছে ক্রিপ্টোকারেন্সিটি। বাজারে বিক্রির চাপ বাড়ায় অন্যান্য ডিজিটাল মুদ্রার দামও কমেছে। বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের লাভজনকতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ

সম্পদ থেকে অর্থ সরিয়ে নেওয়ার প্রবণতা বেড়েছে। বিশেষ করে এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাজারে অনিশ্চয়তা চলছে।

এ ছাড়া ঋণের ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর নিয়ন্ত্রণসংক্রান্ত ঝুঁকি নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবরও বাজারের অনিশ্চয়তা বাড়িয়েছে। এসব কারণে শেয়ারবাজার ও ক্রিপ্টোকারেন্সি—উভয় ক্ষেত্রেই বিক্রির চাপ তৈরি হয়েছে।

বিটকয়েনের দরপতনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলোও চলতি সপ্তাহে বড় ধরনের পতনের মুখে পড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সূচকগুলো ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের দিকে এগোচ্ছিল। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল।

বিটকয়েনসহ ঝুঁকিপূর্ণ সম্পদের বাজারে এই দরপতন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে বাজারের এই অস্থিরতা কত দিন স্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স,