রবিবার
২২ নভেম্বর ২০২৬
শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া বাজেটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হওয়ার কথা থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা হিসেবে গড়ে তোলার বাজেট দিতে হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাবির অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাজেট দিতে কোনো সমস্যা নেই। তবে এই বাজেট কিসের জন্য, সেই প্রশ্ন রয়েছে। তাঁর ভাষায়, ‘বেকারত্বের কারখানা বানানোর
বাজেট আমাকে দিতে হচ্ছে।’
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য সরবরাহ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় গত নয় মাসেও একটি ডেটা দিতে পারেনি। তথ্য না পেলে কাজ করবেন কীভাবে, সেই প্রশ্নও রাখেন তিনি।
ড. মিলন আরও বলেন, তিনি কাজ করার পাশাপাশি মন্ত্রিত্ব চালাবেন। কাজ করার উদ্দেশ্য নিয়েই তিনি দায়িত্ব নিয়েছেন।
দেশের রাজনীতি ও সরকার পরিচালনার পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাঁচ বছরে কোন কাজ কোন ধাপে করবেন, সেই পরিকল্পনাও তিনি দশ মাস ধরে নির্ধারণ করতে পারেননি।
বক্তব্যের একপর্যায়ে ইংরেজিতে তিনি বলেন, ‘আই বিলিভ আই শুড বি ফায়ার টুডে, আই শুড বি।’ এরপর বলেন, তাঁকে বরখাস্ত করার আগে অন্যদের বরখাস্ত করা উচিত।