back to top
Monday, November 23, 2026

সোমবার

২৩ নভেম্বর ২০২৬

Logo
QR Code

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

ভারতে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পেছনে নাগরিকদের কম স্বর্ণ কেনার আহ্বানকে কারণ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এক বছরের জন্য প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার অনুরোধে দেশবাসী সাড়া দিয়েছেন। এর ফলে দেশটির বাজারে স্বর্ণের দাম কমেছে।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন মোদি।

তিনি বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে অনুগ্রহ করে স্বর্ণ কিনবেন না।’ এ সময় নিজের আহ্বানের সঙ্গে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের তুলনা করেন তিনি।

মোদি বলেন, ‘সেসময় এই দেশ তাঁর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের মানুষের মধ্যে এখনো সেই একই চরিত্র অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিল এবং দেশবাসী স্বর্ণ কম কিনেছেন, যার ফলে স্বর্ণের দাম কমে গেছে।’

চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ভারতের বাজারে স্বর্ণের দাম ৩২ শতাংশের বেশি কমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ২১ নভেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী,

দেশটিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার রুপি থেকে কমে ১ লাখ ২২ হাজার রুপিতে দাঁড়িয়েছে। সে হিসাবে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ৬৭ হাজার ৬৬১ রুপি।

শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছে রেকর্ড গড়েছিল। এরপর দাম প্রায় ৩৬ শতাংশ কমেছে। গত বছরের সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়েও নেমেছে।

অতীতের বাজার বিশ্লেষণ অনুযায়ী, বড় ধরনের দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। ফান্ডসইন্ডিয়ার ‘ওয়েলথ কনভারসেশনস’ প্রতিবেদনে বলা হয়েছে, বড় দরপতনের পর স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে গড়ে প্রায় দুই বছর আট মাস সময় লাগে। এরপর আগের সর্বোচ্চ দাম ফিরে পেতে আরও গড়ে চার বছর সাত মাস লাগতে পারে।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামে এই পতনের পেছনে কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক কারণ রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হার বৃদ্ধি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়াতে পারে—এমন সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছে।

সূত্র: এনডিটিভি।