back to top
Tuesday, November 24, 2026

মঙ্গলবার

২৪ নভেম্বর ২০২৬

Logo
QR Code

রমজানের আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়াতে চাই ব্যবসায়ীরা

দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য, আমদানি ও পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে লিটারে ১৪ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধিরা। তবে বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তেলের উৎপাদন খরচসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা। এটি বাড়িয়ে ২১৮ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার দাবি জানিয়েছেন তাঁরা।

এর আগে গত অক্টোবরে একই হারে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন

ব্যবসায়ীরা। তবে সরকার সেই প্রস্তাব নাকচ করে দেয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ব্যবসায়ীদের দাবি, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া ডলারের উচ্চমূল্য এবং আমদানি ও পরিবহণ ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে।

তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। অর্থাৎ এ সময়ে ভোজ্যতেল আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সামনে রমজান এবং ইরান যুদ্ধের কারণে মানুষের জীবনযাত্রায় চাপ রয়েছে। এ অবস্থায় তেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ভোগান্তি ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। ব্যবসায়ীদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।