back to top
Wednesday, November 25, 2026

বুধবার

২৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

জীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে গ্রাহকের টাকা ফেরত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি ডেটিং অ্যাপ। বিয়ের উপযুক্ত সঙ্গী খুঁজে দিতে ব্যবহারকারীকে তিন বছর সময় দেবে অ্যাপটি। এই সময়ের মধ্যে বিয়ে না হলে সাবস্ক্রিপশনের পুরো অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। চীনে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অ্যাপটির নাম ‘লিয়াংপেই এআই’। গত জুলাইয়ে চালু হওয়া অ্যাপটির বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা বা ৩০০ মার্কিন ডলারের সমান। তিন বছরের মধ্যে ব্যবহারকারী বিয়ে করতে না পারলে এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রচলিত ডেটিং অ্যাপের তুলনায় লিয়াংপেই এআইয়ের পরিচিত হওয়ার পদ্ধতিতে রয়েছে ভিন্নতা। চীনের সাধারণ ডেটিং অ্যাপগুলোতে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও পরিচিত হওয়ার সুযোগ থাকলেও এই অ্যাপে একজন ব্যবহারকারী একবারে কেবল একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে পরিচিত হতে পারবেন। চলমান পরিচয় শেষ না হওয়া পর্যন্ত নতুন কাউকে খোঁজার সুযোগ থাকবে না।

অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি তিনি অবিবাহিত কি না, সেটিও যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, চালুর প্রথম মাসেই যাচাই প্রক্রিয়ায় ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।

নতুন ব্যবহারকারীদের প্রথমে এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিটের কথোপকথনে অংশ নিতে হয়। এ সময় ব্যবহারকারীর পারিবারিক পরিচয়, বেড়ে ওঠা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গীর বিষয়ে প্রত্যাশা জানতে চায় এআই। এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয় ব্যবহারকারীর বিস্তারিত প্রোফাইল। পরে ব্যক্তিত্ব, মূল্যবোধ, জীবনযাপন ও পারিবারিক পটভূমির মিল বিবেচনা করে সম্ভাব্য সঙ্গী খুঁজে দেয় অ্যাপটি।

লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। ঘটকসেবার ধারণা থেকে এআই ব্যবহার করে জীবনসঙ্গী খোঁজার উদ্যোগ নেন তিনি।

গত বছর কিমি কে-টু প্রকাশের সময় চাকরি ছেড়ে নিজের উদ্যোগ শুরু করেন জেং। এ জন্য তাঁকে কয়েক কোটি ইউয়ান মূল্যমানের শেয়ার অপশনের সম্ভাবনাও ছাড়তে হয়েছে।

জেংয়ের মতে, প্রচলিত ডেটিং অ্যাপগুলো অনেকটা অনলাইন হলুদ পাতার মতো। এসব অ্যাপে মানুষের সাধারণ পরিচিতি পাওয়া গেলেও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করার কঠিন কাজটি ব্যবহারকারীকেই করতে হয়। তাঁর মতে, তরুণদের জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড এখন অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ। কিন্তু প্রচলিত অ্যাপগুলো ব্যবহারকারীর পছন্দ, ব্যক্তিত্ব ও জীবনযাপনের ধরন যথাযথভাবে বুঝতে পারে না।

এই সীমাবদ্ধতা দূর

করতেই এআই ব্যবহার করছেন তিনি। জেং নিজেও একটি ডেটিং অ্যাপের মাধ্যমে স্ত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন। দুজনই নিজেদের সম্পর্কে এক হাজার শব্দের বেশি লিখেছিলেন। মাত্র এক দিনের কথোপকথনের পর তাঁরা দেখা করার সিদ্ধান্ত নেন। জেংয়ের ধারণা, শুরুতেই একে অপরকে ভালোভাবে বোঝার কারণে তাঁদের সম্পর্ক দ্রুত এগিয়েছিল।

অ্যাপটির সবচেয়ে আলোচিত বিষয় হলো তিন বছরের মধ্যে বিয়ে না হলে টাকা ফেরতের নিশ্চয়তা। প্রতিষ্ঠাতা জেংয়ের মতে, বিয়ে একটি স্বতন্ত্র আইনি অবস্থান। অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতিতে কারও বিয়ে হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব।

তবে টাকা ফেরতের প্রতিশ্রুতি নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। একইভাবে অ্যাপটির ত্রৈমাসিক ও আজীবন ব্যবহারের প্যাকেজে তিন বছরের টাকা ফেরতের নিশ্চয়তা প্রযোজ্য কি না, সেটিও পরিষ্কার নয়।

জেংয়ের বক্তব্য, ব্যবহারকারীকে জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে এই সেবা থেকে মুনাফা করা উচিত নয়। অ্যাপটি কাজে না এলে তিনি গ্রাহকের টাকা ফেরত দিতে প্রস্তুত।

লিয়াংপেই এআইতে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামে একটি বিশেষ সুবিধাও রয়েছে। ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে এটি সম্পর্কের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দেয়। একজন নারী ব্যবহারকারী তাঁর সঙ্গে পরিচিত হওয়া এক পুরুষের কাছ থেকে উত্তর পাওয়া বন্ধ হয়ে গেলে এই সুবিধার সাহায্য নেন। এআই তাঁকে পরামর্শ দেয়, কেউ ব্যস্ত থাকলেও তিন দিনের মধ্যে নিজের অনুপস্থিতির কারণ জানানো উচিত। পরে ওই নারী চলমান পরিচয়টি শেষ করে নিজের জন্য উপযুক্ত একজন সঙ্গী খুঁজে পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লিয়াংপেই এআইতে ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে অর্থ দিয়ে সেবা নেওয়ার হার প্রায় ৯ শতাংশ। এ ছাড়া বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে দেড় কোটি ইউয়ান বা প্রায় ২২ লাখ মার্কিন ডলার অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি।

তবে অ্যাপটি নতুন হওয়ায় এর মাধ্যমে কতজনের সফল পরিচয় বা বিয়ে হয়েছে, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তিন বছরের টাকা ফেরতের প্রতিশ্রুতিও বাস্তবে যাচাইয়ের সুযোগ তৈরি হয়নি। প্রথম ব্যবহারকারীদের এই মেয়াদ পূর্ণ হবে ২০২৯ সালে।

বিশ্লেষকদের মতে, এআইয়ের মাধ্যমে উপযুক্ত সঙ্গী নির্বাচন সম্ভব হলে তা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মানুষের প্রেম ও সম্পর্কের প্রতি আগ্রহও বাড়তে পারে। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, অ্যাপটির এআই স্ট্র্যাটেজিস্ট সুবিধাটি বিবাহিত দম্পতিদের জন্যও চালু করা উচিত। সম্পর্কের টানাপোড়েনে নিরপেক্ষ পরামর্শক হিসেবে এটি কাজে আসতে পারে।