back to top
Sunday, November 22, 2026

চকরিয়ায় সনাক-টিআইবি‘র গণশুনানিতে নাগরিকদের ভূমিসেবা সমস্যা তুলে ধরা এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করনের উপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর, ২০২৬ ১৫:৫৮

বশির আল মামুন, চট্টগ্রাম :

ভূমিসেবা গ্রহণে নাগরিকদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরা এবং ভূমি সেবাকে আরো সহজ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যেগে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ভূমি অফিসে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভূমিসেবা প্রত্যাশী নাগরিকেরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, বিভিন্ন সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি ভূমিসেবা সহজীকরণ, সেবাগ্রহীতাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের সরকারি বে-সরকারি অংশীজন।

টিআইবি’র কর্মসূচি বাস্তবায়ন সহকারী সাদিয়া নুসরাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানীতে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক চকরিয়া’র ভূমি-বিষয়ক উপকমিটির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দীন চৌধুরী। গণশুনানির উদ্দেশ্য ও টিআইবি’র ভূমি সেবা বিষয়ক কার্যক্রম ও বিভিন্ন পর্যায়ের কমিউনিটি মনিটরিং ও অ্যাকশন সভায় প্রাপ্ত ফাইন্ডিংস নিয়ে আলোচনা করেন টিআইবি, চট্টগ্রামের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন।
গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে নিজেদের সমস্যার কথা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানান এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
গণশুনানির প্রশ্নোত্তর পর্বে উপস্থিত নাগরিকেরা ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে তাঁদের বিভিন্ন প্রশ্ন, হয়রানী ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেবাসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। নাগরিকদের প্রশ্ন ও অভিজ্ঞতার আলোকে ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করার গুরুত্ব তুলে ধরা হয়। গণশুনানীতে নাগরিকবৃন্দ যেসসব সমস্যার কথা তুলে ধরেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ঘরবাড়ি ভেঙ্গে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার ধরন কবরস্থান হওয়ার ফলে সেটি স্কুলের নামে নামজারি করতে না পারা এবং স্কুলের উন্নয়নমূলক কাজ করতে সমস্যা হওয়া, ওয়ারিশান সূত্রে সম্পদের মালিক হওয়ার পরও ভাইদের কারণে সম্পদ ভোগ করতে না পারা, চকরিয়ার বিভিন্ন চিংড়িঘের সবসময় একই মানুষের অবৈধ দখলে থাকা, ভুয়া দলিল নিয়ে খতিয়ান করার কারণে নিজের জমি ভোগ করতে না পারা, নিজের জায়গা অন্যজন কর্তৃক খতিয়ান করায় নিজে খতিয়ান করতে না পারা ইত্যাদি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাক প্রতিনিধিরা বক্তব্য দেন। এসময় চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মঞ্জুর সহকারী কমিশনার (ভূমি)কে মাসে অন্তত ১ দিন বা ১৫ দিন পর পর ইউনিয়ন ভূমি অফিসে সময় দেওয়ার জন্য আহ্বান জানান এবং এভাবে সময় দিলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, তিনি প্রতি মাসে অন্তত একদিন ইউনিয়ন ভূমি অফিসে এসে জনগণের কথা সরাসরি শুনবেন এবং সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়াও তিনি ভূমির সমস্যা সম্পর্কিত আবেদনের বিষয়টি সহজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। সাধারণ নাগরিকরা ভূমি অফিসে এসে সরাসরি তাঁর সাথে দেখা করে কথা বলতে পারবেন বলে তিনি উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার ভূমি আইনকে অত্যন্ত সহজ ও যুগোপযোগী করছে এবং দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করছে, ফলে আগামীতে ভূমিসেবা আরও সহজে ও দ্রুততম সময়ে পাওয়ার সুফল নাগরিকরা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সনাক-টিআইবি, চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীল বলেন, ভূমিসেবা পেতে নাগরিকদের যে চরম কষ্ট ভোগ করতে হয়, তা সহনীয় ও সহজ করার উদ্দেশ্যেই সনাক-টিআইবি এ ধরনের গণশুনানির আয়োজন করে থাকে। তাই নাগরিক সেবা নিশ্চিত করতে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, সরকারি সেবার মানোন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, সেবাদানকারী প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের গণশুনানি নাগরিক ও সেবাদানকারী কর্তৃপক্ষের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে এবং ভূমিসেবা-সংক্রান্ত সমস্যা ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সহায়তা করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক চকরিয়ার সাবেক সভাপতি বুলবুল জান্নাত শাহিন, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সদস্য মোহাব্বত চৌধুরী ও নন্দিতা মুৎসুদ্দি, স্থানীয় সমাজসেবক শফিউল আলম, ভূমিহীন ও ভিক্ষুক পূনর্বাসন পরিষদের নির্বাহী পরিচালক ফরিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারীসহ প্রায় দুই শতাধিক সেবাগ্রহীতা অংশ নেন।

আরও পড়ুন

সর্বশেষ