সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালীর চিত্র হতাশাজনক হলেও জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে তুলনামূলক ভালো ফল হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ। এ বছর তিনটি বিভাগ থেকে মোট ৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) কলেজ কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৯১৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৪৯ জন। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩২৯ জন। পাসের হার ৯৩ দশমিক ২০ শতাংশ। এ বিভাগ থেকেই সর্বোচ্চ ৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২১৭ জন। এ বিভাগে পাসের হার ৭৯ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। মানবিক বিভাগে ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৩ জন। এ বিভাগে পাসের হার ৭০ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন সাতজন।
উল্লেখ্য, নোয়াখালীতে
এবার এইচএসসি পরীক্ষায় মোট ১৬ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৬ হাজার ৩১৭ জন। পাসের হার ৩৮.৯০ শতাংশ। অন্যদিকে, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১১২ জন শিক্ষার্থী।
