নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে তিনজনকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম ও পুরাতন সরকারি কলেজের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অনন্তপুর গ্রামের রাশেদ (২৯), শাকিব (২২) ও আরিফুল ইসলাম শান্ত (২৫)।
নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক এবং মো. সেজান আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
