back to top
Sunday, November 22, 2026

রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসবে পার্বত্য প্রতিমন্ত্রী, বিশ্ব শান্তি প্যাগোডায় অংশীদারিত্বের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর, ২০২৬ ১২:৪০

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারের ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

শুক্রবার (২০ নভেম্বর) বুদ্ধের প্রতিকৃতিতে চীবর দানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, “আপনাদের এখানে যে নির্মাণাধীন বিশ্ব শান্তি প্যাগোডা সামনে আছে, সেখানে সরকারের পক্ষ থেকে আমরা কিছু অংশীদারিত্ব করব।”

ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বৌদ্ধধর্মসহ পৃথিবীর সব ধর্মেরই মূল উপপাদ্য বিষয় হলো শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা।

দেশ গঠনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা সকলে মিলে যে যেই ধর্মের অনুসারী হই না কেন, যে যেই ধর্মাবলম্বীই হই না কেন—আমরা সকলে মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি। বাংলাদেশে যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি।”

বক্তব্যের শেষে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ও অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রাঙামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সহ-সভাপতি নিরূপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

রাজবন বিহারে এ উৎসবের মধ্যে দিয়ে পাহাড়ে কঠিন চীবর দানোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। চীবর দানোৎসনে থাইল্যান্ড, মায়ানমার, ভারত থেকে ধর্মীয় গুরু এবং পূর্ণার্থীরা অংশ নেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফিতা কেটে বেইন ঘরের উদ্বোধন করেন, রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির এবং অন্যান্য অতিথিবৃন্দ।

পাশাপাশি চাকমা সার্কেল পরিবারের সদস্য কুমার সমিত রায়ের সহধর্মিনী জয়তী রায় চরকায় সুতা কেটে চীবর বুননের আনুষ্ঠানিকতা শুরু করেন।

পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) রাঙামাটি জেলার লংগদু উপজেলার তিনটিলা বন বিহারের দায়ক-দায়িকাদের দিয়ে এই কঠিন চীবর দানোৎসবের পুনঃপ্রবর্তন করান।

রাঙামাটি রাজবন বিহারে সর্বপ্রথম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সেই থেকে প্রত্যোক বছর রাঙামাটি রাজবন বিহারসহ তিন পার্বত্য জেলার রাজবন বিহারের শাখাসমূহে বিশাখা প্রবর্তিত নিয়মে কঠিন চীবর দানোৎসব করা হয়ে থাকে।

নভেন্বর ২০, ২০২৬
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি

আরও পড়ুন

সর্বশেষ