প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষকদের ইশারা ভাষা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ। বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) আয়োজিত একীভূত শিক্ষা বিষয়ক এডভোকেসি সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা অনুযায়ী শিক্ষা সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। মৃদু ও মাঝারি মাত্রার প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি যেসব শিশুর জন্য বিশেষায়িত সহায়তা প্রয়োজন, তাদের উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে রেফার করার প্রস্তাব দেন তিনি। তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি ও টয়লেটসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্য করতে হবে।
ডিডিআরসির উদ্যোগে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও লিলিয়ান ফন্ডসের সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্টুডেন্ট কাউন্সিলের সদস্য এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ, বিদ্যালয়ে ভর্তি, সহায়ক উপকরণ, প্রবেশগম্যতা এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সভায় ইমপ্যাক্ট গ্রুপের সদস্য হোসনা আক্তার লাভলী জানান, দৃষ্টিশক্তি ক্রমশ কমে আসায় তিনি কলেজের বোর্ডের লেখা দেখতে পান না এবং পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। পড়াশোনার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার অভাবে তাঁর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান।
সিআরসি সদস্য তাসলিমা আক্তার জানান, ডিডিআরসির সিবিআর কর্মীদের পরামর্শে তাঁর শ্রবণপ্রতিবন্ধী ছেলে জহিদুল ইসলাম জিহাদকে বিশেষ বিদ্যালয় থেকে ওবাট প্রাথমিক বিদ্যালয়ে একীভূত শিক্ষায় ভর্তি করিয়েছেন। তিনি ছেলের জন্য হিয়ারিং এইডের ব্যবস্থা করার অনুরোধ জানান।
সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও রং করার দাবি জানানো হয়। স্টুডেন্ট কাউন্সিলের সদস্য তাফরিদা জাহান তোশি জানান, প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইতিবাচকভাবে সহযোগিতা করে। এতে বিদ্যালয়ে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে।
নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার বলেন, তাঁর বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা অত্যন্ত প্রতিভাবান। তাদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদ্যালয়ে র্যাম্প নির্মাণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষকদের ইশারা ভাষা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ ইকবাল পারভেজ জানান, ডিসেম্বর মাসে তাঁর বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। এ সময় প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করার জন্য প্রচারণামূলক ব্যানার স্থাপনের প্রস্তাব দেন তিনি। পাঁচ বছর বয়স হলেই প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি করানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, তাঁর বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়ক উপকরণ প্রদানের ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে শিক্ষার্থীরা এসব উপকরণ পেতে পারে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।
থানা রিসোর্স সেন্টারের প্রধান ইনস্ট্রাক্টর আব্দুল করিম বলেন, ডিডিআরসি প্রতিবন্ধী শিশু, অভিভাবক ও শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী ফলোআপ কার্যক্রম পরিচালনা করে। তিনি শিক্ষকদের ইশারা ভাষা প্রশিক্ষণ এবং সব ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীর উপযোগী করে পাঠ পরিকল্পনা তৈরির প্রস্তাব দেন। পিটিআই, চট্টগ্রামের সুপারিনটেনডেন্ট রুবিনা পারভিনও পিটিআইয়ের প্রশিক্ষণ কার্যক্রমে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। ৫০০ শিশুকে নিয়ে কাজ করার জন্য তিনি ডিডিআরসিকে ধন্যবাদ জানান।
সভায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যগত প্রয়োজনের বিষয়টিও গুরুত্ব পায়। কেয়ারগিভার হনুফা বেগম জানান, তাঁর সন্তান মেজবুলের রোদে গেলে শ্বাসকষ্ট হয় এবং তাপমাত্রা বাড়লে অস্থিরতা দেখা দেয়। তিনি সন্তানের সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান।
সভায় ডিডিআরসি নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম স্জাজাদ বলেন, একীভূত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, উপযোগী শিক্ষা উপকরণ, অভিভাবকদের সচেতনতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা জরুরি। বিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
