back to top
Wednesday, November 25, 2026

ওষুধের মেয়াদ কেটে বিক্রির অভিযোগে নোয়াখালীর মাইজদীতে ২ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:১৩

নুশরাত রুমু, নোয়াখালী :

ওষুধের পাতা থেকে কোম্পানির মুদ্রিত মেয়াদ কেটে ফেলে খুচরা হিসেবে বিক্রির অভিযোগে নোয়াখালীর মাইজদীতে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে আরও একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স মা ফার্মেসিতে বিভিন্ন কোম্পানির ওষুধের পাতায় মুদ্রিত মেয়াদ কেটে ফেলে সেগুলো বিভিন্ন প্যাকেটে খুচরা বিক্রির জন্য রাখা হয়েছিল। ফলে ওষুধগুলোর মেয়াদ শেষ হওয়ার তারিখ জানার কোনো উপায় ছিল না। দোকানি অভিযানের সময় বিষয়টি স্বীকার করেন। পরে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।

এ ছাড়া একই এলাকার মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১১টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন

সর্বশেষ