back to top
Wednesday, November 25, 2026

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও পর্যটন বিকাশে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন: পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:২১

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা, প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণ এবং পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চলের নদী, নালা, খাল, বিল ও ঝিরিগুলো সচল রাখা জরুরি। একই সঙ্গে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ, জনগোষ্ঠীর সংস্কৃতি ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পানির অপর নাম শুধু জীবন নয়, পৃথিবীর সবকিছুর অস্তিত্বের সঙ্গে পানি জড়িত। বৃহত্তর পার্বত্য অঞ্চলের পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীর নিম্নাঞ্চলের মানুষও পানির ওপর নির্ভরশীল। তাই পাহাড়ের নদী, নালা, খাল, বিল ও ঝিরিগুলো সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির উৎসগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জংলি কলাগাছসহ পানি ধরে রাখতে সক্ষম গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

কাপ্তাই লেক ও পার্বত্য অঞ্চলের পানির উৎস সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, ঝিরি পুনরুদ্ধার, পানির অপচয় রোধ এবং লেকের আশপাশের স্থাপনার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি পরিকল্পিত মাস্টারপ্ল্যান ও নীতিমালা প্রণয়ন করা জরুরি।

পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, খাগড়াছড়ির আলুটিলা ও সাজেক ভ্যালি থেকে রাঙামাটি লেক, চন্দ্রঘোনা, বান্দরবান, রোয়াংছড়ির দেবতাকুম, রুমার বগা লেক ও থানচি হয়ে লামা দিয়ে কক্সবাজার পর্যন্ত একটি সমন্বিত পর্যটন রুট গড়ে তোলা সম্ভব। চার-পাঁচ দিনের পারিবারিক ভ্রমণের জন্য এ রুট আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এ জন্য অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এতে পার্বত্য ও সমতল অঞ্চলের মধ্যে যোগাযোগ বাড়ার পাশাপাশি পর্যটন, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটবে।

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, “আমরা সবাই শান্তি চাই। আমি শুধু একজন এমপি হিসেবে নই, এখানকার সবার একজন মন্ত্রী ও প্রতিনিধি হিসেবে পাহাড়ে পরিচ্ছন্নভাবে কাজ করতে চাই। বিগত ৫০ বছর ধরে এখানে অনেক ধরনের ঘটনা ঘটেছে। সবকিছু বিবেচনায় নিয়েই আমরা সামনে এগোতে চাই।”

মন্ত্রী আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর চেতনা, বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও সম্মান জানিয়ে তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখার মানসিকতা রাষ্ট্রের থাকা উচিত।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সভায় রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা পরিষদের সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভেম্বর ২৫, ২০২৬
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি

আরও পড়ুন

সর্বশেষ