প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান বলেছেন, শুদ্ধ সাংবাদিকতা ছাড়া মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। মানুষ সবসময় সঠিক সময়ে নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তথ্য জানতে চায়। একটি সংবাদ যত বেশি তথ্যসমৃদ্ধ ও বিশ্বাসযোগ্য হবে, ততই তা পাঠকের আস্থা অর্জনে সক্ষম হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে মিরসরাই প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন পাইলট স্কুল মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিরা।
মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকদের কাজ হলো কল্পনা নয়, বরং বাস্তবতার ভিত্তিতে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশন করা। এজন্য সাংবাদিকদের শুদ্ধ সাংবাদিকতা চর্চা করতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকরা ভাষা ও বক্তব্যের শিল্পী; বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন, যা সাংবাদিক মহলে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি মানুষের পক্ষে থেকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল গবেষক কামাল উদ্দিন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদসহ অন্যান্য অতিথিরা।
এসময় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্লাহ, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, শাহাদাৎ হোসেন চৌধুরী, দিদারুল আলম, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়, অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
