এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন “আলোর পথে”র ব্যবস্থাপনায় মাসিক মহিলা মাহফিল ২৫ এপ্রিল শনিবার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয় । মাহফিলে “পবিত্র হজ ও কুরবানীর আধ্যাত্মিক তাৎপর্য” শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ নূর হোসাইন। তিনি বলেন, ইসলামে হজ ও কুরবানী শুধু বাহ্যিক ইবাদত নয়, এর ভেতরে গভীর আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। তাসাওউফের দৃষ্টিতে হজ হলো আত্মশুদ্ধি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং নিজের অহংকারকে ভেঙ্গে ফেলার এক মহান সফর। আর কুরবানী হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা । কুরবানীর মাধ্যমে আল্লাহ্ পাক কুরবানীর পশুর বাহ্যিক রক্ত বা গোশত কিছুই চান না; বরং তিনি চান তাকওয়া, নিষ্ঠা ও বিশুদ্ধ অন্তর। হজকালীন সময়ে আরাফাত ময়দানে অবস্থান মানুষকে কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে দেয়Ñ সেখানে বান্দা নিজের ভুল-ক্রটি উপলব্ধি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। যে ব্যক্তি হজ ও কুরবানীর এই আধ্যাত্মিক বার্তা নিজের জীবনে ধারণ করতে পারবে সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার খোশ নসীব লাভ করবে।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) পরিবেশন করেন তাসনিয়া ইসলাম ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাশরেখা সুলতানা মুক্তা এবং সঞ্চালনা করেন সানজিদা ইসলাম ও উম্মে সায়মা সাদিয়া। মিলাদ-কিয়ামের পর পরিশেষে দেশের মঙ্গল কামনা এবং বিশ্বের নিপীড়িত মুসলিমদের জন্য সাহায্য কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
