back to top
Friday, June 5, 2026

যুক্তরাষ্ট্রে জাতীয় পুরস্কার জিতলেন চট্টগ্রামের সন্তান সামিন নূর চৌধুরী

নিউট্রন ইমেজিং গবেষণায় অনন্য সাফল্য

স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল, ২০২৬ ১২:৩৯
নিউট্রন ইমেজিং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোহাম্মদ সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রভিত্তিক ‘নিউট্রন স্ক্যাটারিং সোসাইটি অফ আমেরিকা’ থেকে ২০২৬ সালের “উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কার” অর্জন করেছেন। তিনি পারডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী। জানা যায়, হাইপারস্পেক্ট্রাল নিউট্রন কম্পিউটেড টোমোগ্রাফি (নিউট্রন সিটি) দ্রুততর করার জন্য পরিসংখ্যানভিত্তিক অ্যালগরিদম এবং ত্রিমাত্রিক স্ট্রেইন ম্যাপিংয়ের উন্নত পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার গবেষণার মাধ্যমে নিউট্রনভিত্তিক স্ক্যান থেকে আরও সূক্ষ্ম ও বিস্তারিত চিত্র তৈরি করা সম্ভব হচ্ছে, যা চাপের মধ্যে থাকা পদার্থের অভ্যন্তরীণ আচরণ বিশ্লেষণে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞদের মতে, নিউট্রন ইমেজিং এমন একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে বস্তুর অভ্যন্তর এমনভাবে দেখা যায় যা প্রচলিত ইমেজিং পদ্ধতিতে প্রায় অসম্ভব। সামিন নূর চৌধুরীর কাজ এই প্রযুক্তিকে আরও দ্রুত, কার্যকর ও নির্ভুল করে তুলেছে, যা উন্নত উৎপাদন, প্রকৌশল ও পদার্থবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুভূতি প্রকাশ করে সামিন নূর বলেন, এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন একটি কাজকে সম্মানিত করেছে যার বাস্তব প্রয়োগ রয়েছে। তিনি তার উপদেষ্টা অধ্যাপক চার্লস বাউম্যান, অধ্যাপক গ্রেগরি বাজার্ড এবং ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান । প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত ‘আমেরিকান কনফারেন্স অন নিউট্রন স্ক্যাটারিং’-এর অংশ হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। ২০২৬ সালের সম্মেলন আগামী ১২ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের Detroit শহরে অনুষ্ঠিত হবে, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন এবং একটি প্রধান বক্তব্য প্রদান করবেন। পুরস্কারের অংশ হিসেবে তিনি ১,০০০ মার্কিন ডলার সম্মাননা, একটি স্মারক ফলক এবং সমপরিমাণ ভ্রমণ অনুদান পাবেন।
 উল্লেখ্য, সামিন নূর চৌধুরী চট্টগ্রামের কৃতি সন্তান। তিনি বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. মোঃ নুরুল আমীন চৌধুরী ও মিসেস তাহমিনা পারভীন এর জ্যেষ্ঠ পুত্র এবং তার দাদা পটিয়ার মনসা  গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব মরহুম আমির হামজা চৌধুরী এবং তার নানা চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাবিদ মরহুম এ. কে. মাহমুদুল হক।
​এই আন্তর্জাতিক অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের মেধা ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। তার এই সাফল্যে চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ