back to top
Saturday, September 5, 2026

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | ১৭ জুন, ২০২৬ ০৬:৪৫

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। ১৬ জুন উপজেলার পাইন্দং নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকার মো. শাহ আলমের একমাত্র পুত্র এবং ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মামুন। পথিমধ্যে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুন ও এক ব্যবসায়ীসহ দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন হোসেন মারা যান। এদিকে এই দুর্ঘটনায় নাহিদ নামে অপর এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে একজন মারা গেছেন। এই ঘটনার বাকি আইনি প্রক্রিয়া চট্টগ্রামেই সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ