back to top
Wednesday, July 1, 2026

প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. রবিউল হোসেন আর নেই

আজ বাদ এশা জমিয়তুল ফালাহ ময়দানে প্রথম জানাজা, রোববার চক্ষু হাসপাতাল ও মিরসরাইয়ে আরও দুই জানাজার পর দাফন

নিজস্ব প্রতিবেদক | ২৭ জুন, ২০২৬ ১২:১৬

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি  দেশ বরণ্য চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেন আর নেই। বার্ধক্যজনিত কারণে নগরের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মৃত্যুতে চিকিৎসা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য রোগীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ চিকিৎসক জীবনে তিনি অসংখ্য মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দক্ষতা, সততা, আন্তরিকতা ও রোগীবান্ধব আচরণের কারণে তিনি সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় একজন চিকিৎসক। তাঁর প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দেশের চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ শনিবার বাদ এশা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল রোববার সকাল ৯টায় চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে একই দিন বিকেল ৪টায় তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রফেসর ডা. রবিউল হোসেনের মৃত্যুতে চিকিৎসক সমাজ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রফেসর ডা. রবিউল হোসেনের প্রয়াণে দেশের চিকিৎসা অঙ্গন হারালো একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, দক্ষ সংগঠক ও মানবসেবায় আত্মনিয়োগ করা এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর কর্ম, অবদান এবং মানবিক মূল্যবোধ মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ