বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে রাউজানে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাউজান উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ শাখার যৌথ উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। এর আগে কলেজ প্রাঙ্গণে নবগঠিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে রাউজান থেকে স্থান পাওয়া নেতাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
এ সময় সহসভাপতি হিসেবে নির্বাচিত নিজামুদ্দিন চৌধুরী ও লিমন চৌধুরী বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ, আবদুল কাদের ও পারভেজ আলম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমান ও মোহাম্মদ ফোরকান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ রানা পাবেল, তানবীর পারভেজ ও সোহেল খান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন হৃদয়কে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া সংবর্ধিত এগার ছাত্রনেতা বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। পরে নবনির্বাচিত নেতাদের নিয়ে ঢাক-ঢোলের বাদ্যযন্ত্রের তালে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের সূর্যসেন চত্বর প্রদক্ষিণ করে জলিল নগর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তসলিম উদ্দিন, রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। এ ছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৩টা থেকে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ড এবং চারটি কলেজ শাখা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা পৃথকভাবে রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণে সমবেত হন।
