back to top
Wednesday, July 22, 2026

সাজেকে আটকা ৬০০ পর্যটক

রাঙামাটি প্রতিনিধি | ০৯ জুলাই, ২০২৬ ০৫:৪৯

রাঙামাটির পর্যটন নগরী বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রবল বর্ষণের কারণে ৬০০ পর্যটক আটকা পরেছে। বুধবার (০৮ জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন। তিনি বলেন, প্রবল বর্ষণের কারণে সাজেকের মাচালং সড়কে পানি উঠায় যান চলাচল বন্ধ রয়েছে। যদি বিকেলের মধ্যে সড়ক থেকে পানি সরে গেলে আটকাপড়া পর্যটকদের খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে। রিসোর্ট মালিক সমিতির এ নেতা জানান, আপাতত আটকাপড়া পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেওয়া হচ্ছে না।  এর আগে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙামাটি জেলায় চলমান টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে। এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ