টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাউজানের বিভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুরসহ নিম্নআয়ের বহু মানুষ। এমন পরিস্থিতিতে পানিপথ অতিক্রম করে অসহায় পরিবারের ঘরে ঘরে চাল, আলু ও শুকনো খাবার পৌঁছে দিয়েছেন সমাজসেবক মোহাম্মদ আলী সুমন। বুধবার (৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন দিনমজুর, দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুপুর থেকে তিনি সহকর্মীদের নিয়ে জলাবদ্ধ ও প্লাবিত বিভিন্ন এলাকা ঘুরে মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। মোহাম্মদ আলী সুমন বলেন, আমাদের নেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা ও ধারাবাহিকতায় টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অসহায় দিনমজুর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাশেম, রিমন, ইমন ও ইয়াকুব উদ্দিন আরিফসহ স্থানীয়রা।
