back to top
Sunday, September 6, 2026

সন্দ্বীপে যৌথ অভিযানে ৭ জলদস্যু আটক, উদ্ধার ৪৭ লাখ টাকার ডাকাতির মালামাল

বাদল রায় স্বাধীন,সন্দীপ প্রতিনিধি | ১৫ জুলাই, ২০২৬ ১৩:৫৫

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জন কথিত জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট, প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই বিকেল ৩টার দিকে সন্দ্বীপ থানার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় গত সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাট সংলগ্ন এলাকা থেকে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত একটি ফিশিং বোটসহ ৭ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাই সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সময় জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ