back to top
Monday, August 3, 2026

বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন

তৌহিদ-উল বারী, কন্ট্রিবিউট, চট্টগ্রাম | ২৬ জুলাই, ২০২৬ ০৫:৪০

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মানুষের জন্য সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা এনামুল হকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে ১,২০০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আসিফুল হক, ডা. শামীমা আক্তার, ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং ডা. মুবিনুল হক। তাঁদের সঙ্গে পাঁচ সদস্যের একটি স্বাস্থ্যকর্মী দল সার্বিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শও প্রদান করা হয়।

এনামুল হকের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক রশিদ আহমদ, আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওবাইদুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদুয়ানুল হক, পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার এবং সুইটি বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাজসেবক এনামুল হক বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে মানুষের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি হচ্ছে চিকিৎসাসেবা। এনামুল হকের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

স্থানীয়রা জানান, বন্যার কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় এমন একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প এলাকার মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ