back to top
Monday, August 3, 2026

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি- যুবায়ের, সম্পাদক- হাবীব

রাউজান প্রতিনিধি | ২৮ জুলাই, ২০২৬ ০৬:১২

চট্টগ্রামের রাউজানে কর্মরত মূলধারার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে ‘রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব’ নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা ১২ টায় উপজেলা সদরের মুন্সিরঘাট এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর ও পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরী। সভা পরিচালনা করেন দৈনিক আমাদের সময় ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক ও চট্টগ্রাম টিভির প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আমির হামজা, দৈনিক আমার দেশের প্রতিনিধি মোহাম্মদ আরফাত হোসাইন, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিসুর রহমান এবং দৈনিক জনবাণীর প্রতিনিধি ইরফাত হোসেন চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে সাংবাদিকতার পরিধি ও দায়িত্ব বহুগুণ বেড়েছে। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন এবং অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমন্বয় অত্যন্ত জরুরি। তারা বলেন, রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব স্থানীয় উন্নয়ন, সম্ভাবনা, সংকট ও জনদুর্ভোগের বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে জাতীয় পরিসরে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক ও চট্টগ্রাম টিভির গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে দৈনিক যুগান্তর ও পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরীকে উপদেষ্টা মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহসভাপতি মোহাম্মদ আরফাত হোসাইন (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী (দৈনিক জনবাণী) এবং দপ্তর সম্পাদক এ কে বাবর (কালবেলা)।
সভা শেষে নবগঠিত কমিটির নেতারা বলেন, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চা, পেশাগত মর্যাদা রক্ষা এবং রাউজানের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

আরও পড়ুন

সর্বশেষ