রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করায় সাংবাদিক ইসমাঈল হোসেন নয়নকে হাত-পা কেটে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী ইসমাঈল হোসেন নয়ন জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর রাঙ্গুনিয়া প্রতিনিধি এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্য। তাঁর অভিযোগ, গত ২৬ জুলাই সোমবার রাতে +880 19 2459 5367 নম্বর থেকে ফোন করে বালু উত্তোলন নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে তাঁকে হাত-পা কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়।
সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন জানান, তিনি প্রশাসনের দুই সদস্যকে সঙ্গে নিয়ে পারুয়া এলাকায় অবস্থানকালে জানতে পারেন, সোনাইছড়ি খালের কয়েকটি স্থানে চর কেটে ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সত্যতা পান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এবং কিছু ছবি তার ফেসবুক পেইজ রাঙ্গুনিয়া২৪ এ প্রকাশ করেন। তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি প্রকাশের পর মো. সোহেল তার ‘Biggi Sunny’ নামে ফেসবুক আইডি থেকে তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেন এবং স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা উপেক্ষা করে বালু উত্তোলনের পক্ষে অবস্থান নেন। একই সঙ্গে শেখ আহমদ আরিফ ও মোহাম্মদ মারুফ চৌধুরী নামের আরও দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর কিছুক্ষণ পরই অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাঁকে হাত-পা কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন বলেন, “যদি বালু উত্তোলনের সঙ্গে তাদের কোনো স্বার্থ বা সংশ্লিষ্টতা না থাকে, যেখানে পুরো রাঙ্গুনিয়া বালু উত্তোলনের বিরুদ্ধে সেখানে তারা কেন বালু উত্তোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিল, এবং কেনই বা অজ্ঞাত নম্বর থেকে আমাকে হাত-পা কেটে দেওয়ার হুমকি দেওয়া হলো? যদি এটি সত্যিই সাধারণ মানুষের বালু হয়ে থাকে, তাহলে একটি ভিডিও পোস্টের কারণে এত প্রতিক্রিয়া কেন? এছাড়া সেখান থেকে ট্রলি/ট্রাকভর্তি বালু বাইরে বিক্রি করা হচ্ছে কেন?” এদিকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব।
সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানান, সাংবাদিকদের সত্য প্রচারে বাঁধা দেয়ার সুযোগ নাই, তাছাড়া সব ধরনের বালু উত্তোলন বন্ধ। আমরা জিডি পেয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
