back to top
Monday, August 3, 2026

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ছাত্রদল নেতা ছবুরের

তৌহিদ-উল বারী, (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৯ জুলাই, ২০২৬ ০৯:৪০

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস ছবুর।

আজ বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের আগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেছিলেন। বর্তমানে সরকারপ্রধান হিসেবে তারেক রহমান সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

আবদুস ছবুর বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রম। তাই তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, সততা ও দায়িত্বশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, ভুল তথ্য বা অননুমোদিত ব্যক্তির সম্পৃক্ততা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার চেষ্টা করছে। যারা অতীতে এই পরিকল্পনাকে উপহাস করেছিল, তাদের এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ছাত্রদল নেতা আবদুস ছবুর বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে সরকারের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

বিবৃতির শেষে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীলতা, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে তথ্য সংগ্রহের দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরও পড়ুন

সর্বশেষ